উবার বাংলাদেশে ৮ বছরে সাড়ে ১৬ কোটি ট্রিপ
প্রযুক্তির শক্তিতে গত আট বছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রাইড শেয়ারিং কোম্পানি উবার বাংলাদেশ। উবার অ্যাপ থেকে ৭০ লাভ ২০ হাজারের বেশি যাত্রীকে সেবা দিয়েছে। একইসঙ্গে ৩.৫ লাখ ড্রাইভার-পার্টনারের জন্য আয়ের সুযোগ তৈরি করেছে। ২০১৬ সালের ২২ নভেম্বর যাত্রা শুরুর পর থেকে বাংলাদেশে ১৬ কোটি ৬০ লাখ ট্রিপ সম্পন্ন করেছে।
একইভাবে গত আট বছরে ১২২ কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন উবার চালকরা। এই সংখ্যাটা পৃথিবী থেকে চাঁদে প্রায় ৩০০০ বার যাতায়াত করার সমান!
বুধবার উবার বাংলাদেশের পক্ষ থেকে এই উপাত্ত শেয়ার করে বলা হয়েছে, এতেই বোঝা যায় দেশজুড়ে উবার ব্যবহারকারীদের একটি বিপুল ও ক্রমবর্ধমান সংখ্যা রয়েছে। একইসাথে সাড়ে তিন লাখ ড্রাইভার-পার্টনার উবার প্ল্যাটফর্ম থেকে আয় করেছেন।
এদিকে উবার বাংলাদেশ তাদের ৮ম বার্ষিকী উপলক্ষে কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে ‘থ্যাঙ্ক ইউ’ ক্যাম্পেইন চালু করেছে। ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের আওতায় উবার শীর্ষ ড্রাইভার-পার্টনার, যাত্রী ও হিরো পার্টনারদের স্বীকৃতি প্রদান ও উদযাপনের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। যেমন, যাত্রাপথে চালক ও যাত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য অন-ট্রিপ থ্যাঙ্ক ইউ টোকেন প্রদান করা হয়েছে। টপ ড্রাইভার-পার্টনারদের জন্য একটি দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প আয়োজন করা হয়েছে। পাশাপাশি শীর্ষ যাত্রীদের জন্য বিশেষ লাইফস্টাইল ভাউচার প্রদান করা হয়েছে। এই উদ্যোগগুলো কমিউনিটির প্রতি উবারের অঙ্গীকারকে প্রতিফলিত করে। এই বিশেষ স্বীকৃতি উবারের সেবায় সবসময় এগিয়ে থাকা হিরো-পার্টনারদের প্রতি উৎসর্গ করা হয়েছে।
উবার বাংলাদেশ-এর কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস বলেন, ‘গত আট বছরে উবার বাংলাদেশের পরিবহন ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। উবার যাত্রীদের চালকদের সাথে সংযুক্ত করে যারা আমাদের প্ল্যাটফর্মের মেরুদণ্ড। আমরা আমাদের কমিউনিটির জন্য সেবা উন্নত করতে ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
এর আগে ২০২১ সালে বাংলাদেশের অর্থনীতিতে সাড়ে ৪ হাজার কোটি টাকার অবদান রাখার হিসাব দিয়েছিলো উবার। তখন জানো হয়েছিলো, উবারের রাইড শেয়ারে ভোক্তাদের কাছ থেকে গত বছর ৭ হাজার কোটি টাকা আয় করেছে।







